Indian Cricket Team: একটি টেস্ট ম্যাচ থেকে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা কত আয় করেন?

মুল্লানপুর: বার্ষিক আয়ের দিক থেকে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের অধিকাংশ দেশের খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে আছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ৩টি বিভাগে ভাগ করেছে এবং সেই অনুযায়ী খেলোয়াড়দের বার্ষিক বেতন দেওয়া হয়। ওয়ান ডে এবং টি-টোয়েন্টির তুলনায় টেস্ট ম্যাচগুলি খেলা হয় অনেক বেশি সময় ধরে। পাঁচ দিন ধরে চলে ম্য়াচ।ক্রিকেটপ্রেমীদের অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি একটি টেস্ট ম্যাচ খেলার জন্য খেলোয়াড়রা বেশি টাকা পান? একটি টেস্ট ম্যাচ থেকে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা কত আয় করেন?একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতীয় খেলোয়াড়রা ১৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি পান। অর্থাৎ দৈনিক ৩ লক্ষ টাকা করে। এই টাকা তাঁদের বিসিসিআই থেকে পাওয়া বার্ষিক বেতন থেকে আলাদা। বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে থাকা খেলোয়াড়দের মধ্যে গ্রেড এ-তে থাকা ক্রিকেটারেরা বছরে ৫ কোটি টাকা, গ্রেড বি-তে থাকা ক্রিকেটারেরা বছরে ৩ কোটি টাকা এবং গ্রেড সি-তে থাকা ক্রিকেটারেরা বছরে ১ কোটি টাকা বেতন পান। পাশাপাশি ১৫ লক্ষ টাকার ম্যাচ ফি পান প্রত্যেক টেস্ট ম্যাচ পিছু। এছাড়াও খেলোয়াড়রা ইনসেনটিভ পান।২০২৪ সালের মার্চ মাসে বিসিসিআই টেস্ট ক্রিকেটে নতুন ইনসেনটিভ স্কিম চালু করেছিল। তরুণ খেলোয়াড়রা যাতে লাল বলের ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন, সেই উদ্দেশেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছিল। এই ইনসেনটিভ খেলোয়াড়দের সারা বছরে ম্যাচের সংখ্যার ভিত্তিতে দেওয়া হয়। ধরা যাক, একজন টেস্ট খেলোয়াড় একটি মরসুমে ৫০ শতাংশের বেশি টেস্ট ম্যাচে খেলেন, তাহলে প্রথম একাদশে থাকা খেলোয়াড় ৩০ লক্ষ টাকার ইনসেনটিভ পাবেন, অন্য দিকে, খেলোয়াড় যদি প্লেয়িং ইলেভেনের বাইরে থাকেন কিন্তু ৫০ শতাংশের বেশি ম্যাচে দলের অংশ থাকেন, তাহলে তিনি ১৫ লক্ষ টাকার ইনসেনটিভ পাবেন।